পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রক্রিয়া আগামী বছরই শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, রেলযোগাযোগের সক্ষমতাকে কাজে লাগিয়ে রেলব্যবস্থাকে ঢেলে সাজাতে সারা দেশে পরিকল্পিতভাবে আধুনিক ও উন্নত যোগাযোগব্যবস্থা উন্নয়ন সাধন করে চলেছে সরকার।
গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ বিষয়ে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
রেলপথমন্ত্রী বলেন, চতুর্দেশীয় ব্যবসা-বাণিজ্যের সুবিধাসংবলিত বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হলে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বহুমাত্রিক সফলতা অর্জন সম্ভব হবে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ও ভারতের আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকার পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রকল্প হাতে নিয়েছে।