বিদায়ী মেয়রসহ ২ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এমপি মনসুরের মামলা

রাজশাহীর পুঠিয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র রবিউল ইসলামসহ স্থানীয় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান। গত বুধবার রাতে সাংসদ নিজে বাদী হয়ে পুঠিয়া থানায় এ মামলা করেন।

মামলার আসামি দুই সাংবাদিক হলেন মো. শাহনেওয়াজ ও আরিফ শাহাদাত। অন্য আসামি রবিউল ইসলাম গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত পুঠিয়া পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করে পরাজিত হন।

সাংসদের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৯ ডিসেম্বর অনলাইন পত্রিকা সারাক্ষণ ডটকম, সাহেববাজার ডটকম ও রাজটাইম-এ সাংসদ মনসুর রহমানকে হেয় করতে পুঠিয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র ও আওয়ামী লীগের মনোনীত পরাজিত মেয়র প্রার্থী রবিউল ইসলামের বরাত দিয়ে মিথ্যা তথ্যে ভরা সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়।

ওই সংবাদে রবিউল ইসলাম তার বক্তব্যে বলেছেন, নির্বাচনে সহযোগিতা করার নামে সাংসদ মনসুর রহমান তার কাছে ৩০ লাখ টাকা দাবি করেছিলেন। রবি টাকা দিতে না পারায় সাংসদ মনসুর তার নিকটাত্মীয় গোলাম আজম নয়নকে স্বতন্ত্র প্রার্থী করেন। প্রকাশিত সংবাদে রবির বক্তব্যে আরও বলা হয়েছে, সাংসদ মনসুর রহমান বিএনপির মেয়র প্রার্থী মামুনের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে তাকে সহযোগিতা করেছেন। এমন মিথ্যা সংবাদ সরবরাহ করে তাকে হেয়প্রতিপন্ন করাসহ মানহানি করা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে সাংসদ ডা. মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম তরফদার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করায় তিনজনের বিরুদ্ধে একটি এজাহার বুধবার রাতেই জমা দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম সাংসদের এজাহারের সত্যতা নিশ্চিত করেছেন।