ছেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, বাবা ছাড়তে চান দেশ

ব্রেক্সিটের পর আর যুক্তরাজ্যে থাকবেন না প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি। ফরাসি নাগরিক হওয়ার আবেদন জানাবেন তিনি।

ডয়চে ভেলে জানায়, ব্রেক্সিট স্ট্যানলির পছন্দ নয়। তাই ছেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেও সে দেশে থাকতে চান না।

চার বছর আগে ২০১৬ সালে গণভোটে তিনি ইইউতে থাকার পক্ষেই ভোট দিয়েছিলেন। বাবা ও ছেলে এই বিষয়ে পুরো উল্টো মেরুর বাসিন্দা।

স্ট্যানলির দাবি, “আমি বরাবরই ইউরোপিয়ান। আপনি কখনোই ইংরেজদের বলতে পারেন না, তারা ইউরোপিয়ান নন। ইইউ-র সঙ্গে যোগ থাকা জরুরি।”

কিন্তু যুক্তরাজ্য থেকে কেন ফ্রান্সের নাগরিক হতে চান তিনি? ফরাসি রেডিও আরটিএল-তে স্ট্যানলি জানিয়েছেন, “আমাকে তো ফরাসিই বলতে পারেন। আমার নানি ফরাসি ছিলেন। আমার মায়ের জন্ম ফ্রান্সে।”

স্ট্যানলির বয়স ৮০ বছর। তিনি আগে ইইউ পার্লামেন্টের সদস্য ছিলেন। তবে ডিসেম্বরে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, এখন তিনি মত পরিবর্তন করেছেন। ব্রেক্সিটের পক্ষে আছেন। কিন্তু ব্রেক্সিট হওয়ার পর এখন আবার আগের মতেই ফিরে গেছেন স্ট্যানলি।