জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার ‘শপথ’ ছাত্রদলের

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা।

পরে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন দেশ রূপান্তরকে বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার শপথ নিয়েছি আমরা। ’

এর আগে ছাত্রদল নেতাকর্মীদের মিছিল ও শোডাউন করেন রাজধানীর ফার্মগেট থেকে আগারগাঁও এলাকা পর্যন্ত। সেখান থেকে মিছিল সহকারে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটের নেতারা তাদের ইউনিটের নিজ নিজ নেতাকর্মী, সমর্থকদের নিয়ে জিয়ার সমাধিতে প্রবেশ করেন। একে একে ঢুকতে থাকে নারায়নগঞ্জ মহানগর, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, গাজীপুর জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিট, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ হাজার হাজার নেতাকর্মী।

এ সময় তারা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন আশেপাশের এলাকা। এ সময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তোলেন তারা।

জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় ছাত্রদল সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহসভাপতি জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, শাহ নেওয়াজ, মহিন উদ্দিন রাজু, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান প্রমুখ। 

এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শুরু করে ছাত্রদল। সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে র‌্যালি করবে ছাত্রদল। 

এদিকে ছাত্রদল সভাপতি অভিযোগ করে দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ঘরে ফেরার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেত্রকোণা জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে।’