নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম দক্ষিণ সাংগঠনিক জেলার পাঁচ উপজেলা ও চার পৌরসভায়ও গঠন করা হয়েছে বিএনপির আহ্বায়ক কমিটি। এছাড়া বাগেরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

নারায়ণগঞ্জ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য তৈমূর আলম খন্দকারকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে ৪১ সদস্যের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার নতুন বছরের প্রথম দিনে ঢাকার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কমিটির তালিকা নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের হাতে তুলে দেন।

আহ্বায়ক কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নাসিরউদ্দিন, আবদুল হাই রাজু, লুৎফর রহমান আবদু, মাহফুজুর রহমান, জাহিদ হোসেন রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লাসহ ৩২ জন সদস্য।

গত বছর ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।

বাগেরহাট : সম্মেলনের এক বছর পর বাগেরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপির মৃত্যু হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুকে সভাপতি এবং ভূঁইয়া হেমায়েত উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। ৭৫ সদস্যের এ কমিটিতে ১১ জন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিনজনকে।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান টুকু বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ডা. মোজাম্মেল হোসেন এমপিকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদকসহ পাঁচজনের নাম ঘোষণা করা হয়। চলতি বছর জানুয়ারিতে নবগঠিত কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে সভাপতির পদটি শূন্য হয়। নতুন কমিটির চিঠি হাতে পেয়েছি।

পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম দক্ষিণ সাংগঠনিক জেলা বিএনপির আওতাধীন পটিয়াসহ পাঁচ উপজেলা ও চার পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান এ কমিটির অনুমোদন দেন।

কমিটিগুলো হলো বোয়ালখালী উপজেলা ও পৌরসভা, পটিয়া উপজেলা ও পৌরসভা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা, বাঁশখালী উপজেলা ও পৌরসভা এবং লোহাগাড়া উপজেলা।