ক্ষমতার শেষ সময়ে এসে শ্রমিক ভিসার নিষেধাজ্ঞা বাড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কোনো মহলের আপত্তি শোনেননি তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তে সমালোচনাও হচ্ছে অনেক। এবার ব্যবসায়ীদের আপত্তি অগ্রাহ্য করে অভিবাসী শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছেন তিনি।
গ্রিন কার্ডের বেশকিছু আবেদনকারী এবং অস্থায়ী বিদেশি শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ করে গত এপ্রিল ও জুনে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৩১ ডিসেম্বর ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার নতুন করে এর মেয়াদ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট। নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে অভিবাসী শ্রমিকদের ওপর যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা।
ট্রাম্পের দাবি, করোনাভাইরাস মহামারীতে অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশি শ্রমিকদের রক্ষায় এ নিষেধাজ্ঞা জরুরি। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়ে বর্তমানে বেকারভাতা নিচ্ছেন প্রায় দুই কোটি মানুষ।
তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। যদিও আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর নিষেধাজ্ঞা তুলে দেবেন কি না সে বিষয়ে তিনি এখনো কিছু বলেননি। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এ নিষেধাজ্ঞা তুলে দেওয়া তার জন্য কঠিন কিছু হবে না।