ক্রিকেটারদের শুভেচ্ছা

২০২০ সালকে করোনার বছর বললে ভুল হবে না। করোনা জর্জরিত বছরের পর নতুন সাল ২০২১-কে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগত জানিয়েছেন নানা আশা নিয়ে। অনেকেই ছবি পোস্ট করেছেন পরিবারসহ।

স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি লিখেছেন, ‘স্রষ্টার আশীর্বাদ সব সময় আপনাদের সঙ্গে থাকুক। নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধিশালী।’ বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘নতুন বছর হোক আনন্দ ও ইতিবাচকতায় পূর্ণ। শুভ নববর্ষ।’

মুশফিকুর রহিম তার ফেইসবুক পেজে নতুন বছরের শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘আরও একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোট ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়তো চিন্তাই করতাম না। নতুন বছরে যেন আমরা নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারব ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ পোস্টে ছবি দেওয়া ছিল পরিবারসহ।

২০২১ সালকে স্বাগত জানিয়ে ফেইসবুকে একটি ছবি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান।