‘চিনিকল আমাদের আবেগের স্থান, অনুভূতির স্থান, প্লিজ বন্ধ করবেন না। আমাদের শৈশব কেটেছে চিনিকলে অথচ আজ আমরা আমাদের সন্তানদের দেশের ঐতিহ্য চিনিকল দেখাতে পারছি না। দয়া করে আসুন সবাই মিলে চিনিকল বাঁচাই, দেশের কৃষক বাঁচাই।’ কথাগুলো ফরিদপুর চিনিকলের সাবেক এক কর্মচারীর মেয়ে কেয়া ইসলামের।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধনের আয়োজন করে ফরিদপুর চিনিকল পরিবার। সেখানে এসব কথা বলেন কেয়া ইসলাম।
মানববন্ধনে চিনিকলে কর্মরত, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও আখচাষিদের বকেয়া পরিশোধের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য দেন ফরিদপুর চিনিকল শ্রমিক পরিবারের সন্তান ড. রাসেল আহমেদ, লিখন ও হিরণ মিয়াসহ অনেকে। তারা বলেন, আসুন সবাই মিলে চিনিকলকে বাঁচাই, আখচাষিদের বাঁচাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তারা বলেন, ‘আপনি দয়া করে আমাদের আবেদন বুঝবেন। ভারী শিল্প সরকারি চিনিকলগুলো আধুনিকায়ন করে শ্রমিক ও কৃষকদের রক্ষা করুন।’ এ সময় চিনিকলে চাকরিরত শ্রমিক-কর্মচারীর সন্তান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।