মোটরসাইকেল না পেয়ে এসআইপুত্রের আত্মহত্যা

খুলনা মহানগরীতে নতুন মোটরসাইকেল না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে জাহিদ হাসান সোহাগ (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতির ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

সোহাগ মহানগরীর খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন বর্তমানে নগরীর পথের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, সোহাগ পরিবারের কাছে নতুন মোটরসাইকেল চেয়েছিলেন। সেটি না পেয়ে বৃহস্পতিবার নিজঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে বলে জানান তিনি।