রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার দুবাই প্লাজার পঞ্চম তলার রয়েল হোটেল অ্্যান্ড রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলো রেস্তোরাঁর ম্যানেজার ফরিদ (৪৪), সামসুল হক (১২) ও রাসেল (১৮)। দগ্ধ তিনজনের বাড়ি আড়াইহাজারের কাহিন্দি গ্রামে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাহান জানান, কর্মচারীরা অসাবধানতাবশত তিতাস গ্যাসের সুইচ খোলা রেখেই জুমার নামাজে চলে যান। এর মধ্যে পুরো রেস্তোরাঁয় গ্যাস ছড়িয়ে পড়ে। নামাজ শেষে এসে চুলায় আগুন জ্বালানো মাত্রই আগুন ধরে যায় এবং সেই সঙ্গে রেস্টুরেন্টে রাখা একটি এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ওই তিনজন দগ্ধ হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শরিফ হোসেন জানান, বিকেলে দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে ফরিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক শরিফ হোসেন।

দগ্ধদের বিকেল ৫টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে জানিয়ে ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, আগুনে ফরিদের শরীরের ৩৬ শতাংশ, সামসুলের ১৪ শতাংশ এবং রাসেলের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।