ভারতে অক্সফোর্ডের টিকার অনুমোদন, অপেক্ষায় আরও তিনটি

অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভারত।

দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকর শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবারই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সরকার।

ভারতে করোনা মোকাবিলায় জরুরিভাবে অনুমোদন পাওয়া এটিই প্রথম ভ্যাকসিন। প্রকাশ জানিয়েছেন, আরও তিনটি ভ্যাকসিন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেছেন, ‘সম্ভবত ভারতই একমাত্র দেশ যেখানে চারটি ভ্যাকসিন প্রস্তুত করা হচ্ছে।’

প্রথম পর্যায়ে ভারতে ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি ফ্রন্টলাইনার বিনা মূল্যে ভ্যাকসিন পাবেন। জুলাইয়ের মধ্যে আরও ২৭ কোটি অগ্রাধিকারপ্রাপ্তদের বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা চলছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জনগণকে ভ্যাকসিন নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন তিনি।

বলেন, ‘পোলিও ভ্যাকসিন দেওয়ার সময়ও বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছিল। তবু মানুষ ভ্যাকসিন নিয়েছে এবং এ কারণেই ভারত এখন পোলিওমুক্ত।’

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩ লাখ ৫ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ২১৮ জন।