মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ২টায় চিটাগাংরোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম তেওয়ারী। 

এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা অভিযুক্ত মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম রবিনের (২৫) বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মহজমপুর এলাকার বাসিন্দা। 

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর ডেমরায় পরিবারের সঙ্গে বসবাস করে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযুক্ত মো. রফিকুল ইসলাম রবিন ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত থাকার সুবাদে পরিচয় হয় তাদের। পরিচিতির সুবাদে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্ত। 
এসবে রাজি না হওয়ায় গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেমরার একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে রবিন। ঘটনার দু’দিন পর ওই ছাত্রী তার মাদ্রাসা শিক্ষিকাকে ঘটনাটি জানালে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদলতে পাঠানো হয়েছে এবং ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।