সংগীতজ্ঞ আজাদ রহমানের জন্ম বার্ষিকীতে ওয়েবসাইট উদ্বোধন

সংগীতজ্ঞ আজাদ রহমান একজন প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং মেন্টর। তিনি দেশে ও বিদেশে অসংখ্য সংগীত অনুসারী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাছে অতুলনীয় শ্রদ্ধার পাত্র। আজাদ রহমান ছিলেন একজন দক্ষ শাস্ত্রীয় সংগীত শিল্পী এবং বাংলা ভাষায় হিন্দুস্তানি ধ্রুপদি সংগীত কে জনপ্রিয় করার একজন পথিকৃৎ, যা  ‘বাংলা খেয়াল’ নামে পরিচিত। পিয়ানোবাদনেও তার অসাধারণ নৈপুণ্য ছিল। ২০২০  সালের  ১৬ই মে এই সংগীত গুরু চির বিদায় নিয়েছেন। 

১লা জানুয়ারি ছিল আজাদ রহমানের ৭৭ তম জন্মবার্ষিকী। জন্মদিন উপলক্ষে তার তিন কন্যা রুমানা আজাদ, রোজানা আজাদ এবং নাফিসা আজাদ তার জীবন ও কর্ম ভিত্তিক একটি ওয়েবসাইট তৈরি করেছেন।  এই ওয়েবসাইটে আজাদ রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, এতে তার জীবন, কর্ম, সংগীত অঙ্গনের  বিভিন্ন ক্ষেত্রে তার অবদান সম্পর্কে তথ্য রয়েছে । এছাড়াও ওয়েবসাইটে এই মহান সংগীত সাধককে নিয়ে পর্যায়ক্রমে  সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মৃতিচারণ প্রকাশ করা হবে।

একটি অনলাইন প্ল্যাটফর্মে পহেলা জানুয়ারি ওয়েবসাইটটি উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ড. দিপুমনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাস্ত্রীয় সংগীতের পুরোধা ব্যক্তিত্ব  পণ্ডিত অমরেশ রায় চৌধুরী (বাংলাদেশ), ড. প্রদীপ কুমার ঘোষ (ভারত) এবং অধ্যাপক কাবেরী কর (প্রাক্তন অধ্যাপক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়), ড. লীনা তাপসী খান (সংগীত বিভাগ,  ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. অসিত রায় (সংগীত বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়), জনাব শেখ সাদি খান (সংগীত পরিচালক, মিউজিক কমপোজার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি) ও আজাদ রহমানের স্ত্রী ও ‘সংস্কৃতি কেন্দ্র’ এর চেয়ারম্যান,  শিল্পী সেলিনা আজাদ।

উল্লেখ্য, আজাদ রহমানের জীবন ও কর্মভিত্তিক ওয়েবসাইট www.azadrahaman.com  ২  জানুয়ারি সবার  জন্য উন্মুক্ত হয়।