করোনা রিপোর্টের অপেক্ষায় সালমা-জাহানারারা

জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলাফলের ভিত্তিতে রবিবার সকালে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন সালমা-জাহানারারা।

২৯ ক্রিকেটারসহ কোচিং ও সাপোর্ট স্টাফ মিলে ৪২ জনের করোনা টেস্ট করানো হয়েছে ঢাকায়।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে অপেক্ষা করছে ব্যস্ত সূচি। জুন-জুলাইয়ে বিশ্বকাপ বাছাই তো আছেই, অপেক্ষা করছে বেশ কিছু দ্বি-পাক্ষিক সিরিজও। তাই সালমা খাতুন, জাহানারা আলমদের মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।

৩ জানুয়ারি থেকে সিলেটে জৈব সুরক্ষা বলয়ে শুরু হবে এই ট্রেনিং ক্যাম্প। মাসব্যাপী এই ক্যাম্পে ফিটনেস এবং স্কিল অনুশীলন ছাড়াও নিজেদের মধ্যে ভাগাভাগি করে ৫টি একদিনের ম্যাচ খেলবে মেয়েরা।

সালমা ও জাহানারা ক’দিন আগে মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলেছেন। এই দুজন ছাড়া গত ২ মার্চের পর নারী দলের সব ক্রিকেটার ক্রিকেটের বাইরে। বিচ্ছিন্ন ভাবে অনুশীলন করলেও একটা ছাতার তলে জড়ো করা হয়নি মেয়েদের।