ট্রাম্পের ভেটো প্রত্যাখ্যান করে প্রতিরক্ষা বিল পাস

আবারও বড় ধরনের ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি একটি প্রতিরক্ষা ব্যয় বিলে ভেটো দিয়েছিলেন। কিন্তু তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যানকরে সিনেটে প্রতিরক্ষা বিলটি পাস হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সঙ্গে এমন ঘটনা এই প্রথম ঘটল যখন তার দলের রিপাবলিকান সদস্যরাও তার মতামতকে অগ্রাহ্য করলেন।

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, এর আগে আরও আটবার বেশ কয়েকটি বিলে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যেকবারই তার সিদ্ধান্তই মেনে নেওয়া হয়েছে।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। সে হিসেবে যেকোনো বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তই মেনে নেওয়ার কথা। এতদিন পর্যন্ত অন্তত তাই হয়ে এসেছে। কিন্তু এবার পুরোপুরি তার ব্যতিক্রম ঘটল।

নিউ ইয়ারের দিনে সিনেটে বিরল এক অধিবেশনের পর ভোটাভুটিতে ৮১-১৩ ভোটে ৭৪ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা ব্যয় বিলটি পাস হয়েছে। ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) বিলে গত বুধবার ভেটো দিয়েছিলেন ট্রাম্প।

কিন্তু যেকোনো বিল নিয়ে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করতে হলে বিলটিকে অবশ্যই কংগ্রেসের উভয়কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে।