রাজধানীর ভাষানটেক থানাধীন মাটিকাটা এলাকায় একটি বাসা থেকে শাহ আলম (৩৮) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল কর্মচারী বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ভাষানটেক থানার ওসি মো. দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে কোন সময়ে এই হত্যার ঘটনা ঘটে। হত্যার পর দুর্বৃত্তরা বাসায় তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।
গত শুক্রবার রাতেই পুলিশ মাটিকাটার ১৬৬/৫ নম্বর বাড়ির ছয় তলার চিলেকোঠার বাসার তালা ভেঙে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
স্বজনেরা জানিয়েছেন, নিহত শাহ আলম অবিবাহিত ছিলেন। তিনি ওই বাসায় একা থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালের হরিরামপুরের মধ্যপাড়ায়।
এ ঘটনায় শনিবার শাহ আলমের ছোট ভাই মো. হাফিজুল বাদী হয়ে ভাষানটেক থানায় হত্যা মামলা করেছেন। শাহ আলমের সঙ্গে চলত এমন চার থেকে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।
ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, নিহত শাহ আলম বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল স্টাফ। সে এসডিও এর অধীনে মেসে রান্নার কাজ করত। মাটিকাটার ওই বাড়িতে তিনি দেড় বছর ধরে ভাড়ায় থাকতেন। ৩০ ডিসেম্বর রাত থেকে ৩১ ডিসেম্বর ভোরের যেকোনো সময়ে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায়। লাশ বিছানায় পড়েছিল। তার মুখে বালিশ চাপা দেওয়া ছিল। পরিবারের লোকজন তার কোনো খোঁজ না পেয়ে শুক্রবার রাতে বাসায় এসে তালা ঝুলতে দেখেন। পরে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তালা ভেঙে বিছানার ওপর থেকে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার সঙ্গে কারও কোনো শত্রুতার তথ্য তাদের জানা নেই। বাড়ির মালিকও পুলিশের কাছে একই তথ্য জানিয়েছেন। তবে নিহতের মোবাইল ফোনের কললিস্ট যাচাই বাছাই করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।