চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের কাথরিয়া বাজারে অগ্নিকান্ডে মারা গেছেন সৈয়দ আহমদ ওরফে বাদশা (৬০) নামে শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এক বৃদ্ধ। গত শুক্রবার গভীর রাতে বাজারটিতে আগুন লাগলে ছয়টি দোকান পুড়ে যায়। এ সময় ভাইয়ের দোকানে ঘুমিয়ে থাকা অবস্থায় দগ্ধ হয়ে মারা যান বাদশা।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। পরে আগুন তীব্র আকার ধারণ করে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং দমকলের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই ছয়টি দোকান মালামালসহ পুড়ে যায়। পরে পাওয়া যায় বাদশার পুড়ে যাওয়া মরদেহ। বাদশা কাথরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাইমাঝিপাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে। তিনি ভাইয়ের ওই দোকানে ঘুমাতেন।
গতকাল শনিবার সকালে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।