প্রথমবার মুম্বাই দলে শচীনপুত্র অর্জুন

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত মুম্বাই দলে সুযোগ পেয়েছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার। ২২ জনের যে দল ঘোষণা করা হয়েছে সেখানে রয়েছেন বাঁহাতি মিডিয়াম পেসার অর্জুন। এই প্রথম তিনি মুম্বাই সিনিয়র দলে সুযোগ পেলেন।

দলটিকে নেতৃত্ব দেবেন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা সূর্যকুমার যাদব।

শচীনপুত্র অর্জুন মুম্বাই সিনিয়র দলে প্রথমবার সুযোগ পেলেও বয়স ভিত্তিক বিভাগে খেলেছেন।

ট্রায়ালের পর অর্জুন দলে থাকেন কিনা সেনিয়ে অবশ্য অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ ট্রায়ালে তার পারফরম্যান্স আশানুরূপ হয়নি।

বিসিসিআই প্রথমে জানিয়েছিল ২০ জনের দল করা যাবে সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য। সংবাদমাধ্যমকে মুম্বাই বোর্ডের এক কর্তা বলেন, ‘প্রথমে ২০ জনের দল বললেও পরে ২২ জনের দল করার অনুমতি দিয়েছে বিসিসিআই। সেই অনুযায়ী ২২ জনের দল ঘোষণা করা হল।’

১০ জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।