নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হওয়া মানে নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্য করা বলে জানিয়েছেন বাংলাদশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, ‘যারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে, তারা কখনো দলের সদস্যপদ পাবে না, আওয়ামী লীগের নৌকায় উঠতে পারবে না।’
গতকাল শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্রোহী প্রার্থীর বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি আরও বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তবে নেত্রী যাকে চূড়ান্তভাবে মনোনীত করবেন তার পক্ষে কাজ করতে হবে। দলে অভ্যন্তরীণ কোন্দল থাকতে পারবে না। যারা আওয়ামী লীগ করবে, তাদের সবাইকে নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে। দলকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে আনতে, দলের সভানত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। কোনো বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী আর নৌকায় চড়তে পারবে না। যারা বিদ্রোহ করবে, প্রতিবাদ করবে, তারা দলর সদস্যপদ আর পাবে না বলেও জানান তিনি।
সমাবেশ শেষে নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযাগ করেন জাহাঙ্গীর কবির নানক।