দুই ভ্যাকসিন অনুমোদনের পর বিজ্ঞানীদের মোদির অভিনন্দন

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পাশাপাশি নিজেদের দেশে তৈরি ভারত বায়োটেকের ভ্যাকসিনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।

রবিবার আনুষ্ঠানিকভাবে দুটি ভ্যাকসিনের অনুমোদন আসার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘করোনার বিরুদ্ধে উদ্দীপ্ত লড়াইকে আরও শক্তিশালী করবে এই মোড় ঘোরানো সিদ্ধান্ত। এই ঘোষণার ফলে সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের ভ্যাকসিনকে ডিসিজিআই অনুমোদন দেওয়ায় কভিডমুক্ত, সুস্থ দেশ গড়ে তোলার রাস্তা আরও সুগম হবে। অভিনন্দন ভারত।

‘আমাদের বিজ্ঞানী ও উদ্ভাবকদের অভিনন্দন।’

অনুমোদনের ঘোষণা বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে ‘সীমাবদ্ধ ব্যবহারে’ দুটি ভ্যাকসিনের অনুমোদন দেয়া হচ্ছে।

ইতিমধ্যে নির্দিষ্ট পরিকল্পনা সাজিয়ে ফেলেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আর তা খতিয়ে দেখতেই আজ, শনিবার গোটা দেশে করোনাভাইরাসের টিকাদানের প্রাথমিক কাজ চলছে।

পশ্চিমবঙ্গের তিনটি স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বেচ্ছাসেবককে করোনার টিকার জন্য বেছে নেওয়া হয়েছে। কাজ চালাতে গিয়ে কোনও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কি না, টিকাদানের গতি বাড়াতে গেলে আরও কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন, সে সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।