৫০০ ডোজ করোনার টিকা নষ্ট করায় গ্রেপ্তার ফার্মাসিস্ট

করোনা প্রতিরোধে অনেক দেশে টিকাদান শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি চলছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে দেশটিতে পাঁচ শতাধিক ডোজ টিকা নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ফার্মাসিস্টকে।

নিউইয়র্ক পোস্ট জানায়, উইসকনসিন অঙ্গরাজ্য অরোরা মেডিকেল সেন্টারে ৫৭০ টিকা নষ্ট হওয়ার ঘটনা ঘটে।

এর সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার ৪৬ বছর বয়সী এক ফার্মাসিস্টকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করে অঙ্গরাজ্য পুলিশ।

কর্তৃপক্ষ তার নাম প্রকাশ না করলেও রেকর্ড থেকে জানা যায়, অভিযুক্ত স্টিভেন ব্রান্ডেনবার্গকে ওজাউকি কাউন্টি জেলে নিয়ে যাওয়া হয়েছে।

বেপরোয়াভাবে নিরাপত্তায় বিঘ্ন ঘটানো, প্রেসিক্রিপশনভূক্ত ওষুধের বিকৃতি ঘটানো, সম্পদের ধ্বংস ইত্যাদি ধারায় মামলা রুজু হয়েছে ব্রান্ডেনবার্গের বিরুদ্ধে। এর আগে তাকে কর্মস্থল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি লিখিতভাবে অপরাধ স্বীকার করেছে। সে জানিয়েছে, ভায়াল সঠিক ভাবে সংরক্ষণ করা না-হলে নষ্ট হয়ে যাবে, এ কথা জানা সত্ত্বেও সে ৫৭টি ভায়াল (প্রতি ভায়ালে ১০টি ডোজ থাকে) রেফ্রিজারেটরের বাইরে রেখেছিল।

এদিকে, ফ্রিজের বাইরে পড়ে থাকা ভায়াল থেকে কয়েকজনকে টিকা দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে।

মেডিকেল সেন্টারটিতে মডার্নার বানানো টিকা দেওয়া হচ্ছিল। দ্বিতীয় টিকা হিসেবে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির টিকা অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। নষ্ট হওয়া টিকার মূল্য ৮ হাজার থেকে ১১ হাজার ডলার বলে জানা গেছে।