আসিফের বিরুদ্ধে ন্যানসির মামলা, ঠিক কী ঘটেছিল?

গত কয়েকদিন ধরে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যানসি। গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে ন্যানসির একটি মামলা এই আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, ময়মনসিংহের কোতোয়ালি থানায় গত বছরের ১০ জুলাই আসিফ আকবরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ন্যানসি। সেই লিখিত অভিযোগে বলা হয়, বিভিন্ন মিডিয়ায় তার মানহানি হয় এমন বক্তব্য দিয়েছেন আসিফ আকবর। যার ফলে তিনি ও তার পরিবার হেয়প্রতিপন্ন হয়েছেন।

পুলিশ জানায়, দীর্ঘ সময় নিয়ে তদন্ত করার পর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর আদালতে গত ডিসেম্বরে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে গায়ক আসিফ আকবরকে হাজির হওয়ার তারিখ ধার্য করা হয়েছে।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী গণমাধ্যমকে জানান, পুলিশকে দেওয়া ন্যানসির ভিডিও ক্লিপে আসিফ আকবরকে বলতে শোনা যায়, ন্যানসি মানসিক ভারসাম্যহীন। ৬ মাস ভালো থাকে, ৬ মাস খারাপ থাকে। কণ্ঠশিল্পী ন্যানসিকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় টকশোতে এবং বিভিন্নভাবে গায়ক আসিফ আকবরের করা এমন মন্তব্যে নাখোশ ছিলেন ন্যানসি। এরপর ন্যানসি আসিফের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে প্রসিকিউশন দেওয়া হয়।

এদিকে ঠিক কী ঘটেছিল জানতে চাইলে দেশ রূপান্তরকে ন্যানসি বলেন, ‘আমি ২০১৩ সালে আসিফ আকবরের সঙ্গে ১৩টি গান করি। সেই গানগুলোর রয়্যালটি বাবদ তিনি আমাকে দুই লাখ টাকা অগ্রিম দিয়েছিলেন। এরপর যখন বাকি টাকা চাইতে গিয়েছি তখনই তার আসল চেহারা বেরিয়ে এসেছে। তিনি আমার ফোন ধরতেন না। ২০১৪ সালে আমাকে নিয়ে আরেকটি অ্যালবাম করতে চাইলে আমি সেটা করতে রাজি হইনি। এরপর থেকে আমাদের আর কোনো কথা বা যোগাযোগ হয়নি। কিন্তু আমি সেই টাকা পাওয়ার জন্য মামলা করিনি। এমন অনেক টাকা অনেককে ছেড়ে দিয়েছি। আমি এখন আমাকে নিয়ে বানোয়াট গুজব রটানোর জন্য মানহানির মামলা করেছি।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন আমার পারিবারিক ঝামেলা মেটাতে ৫ লাখ টাকা দিয়েছেন, পরে তা আমি শোধ করেছি। কিন্তু এটা পুরোই মিথ্যা। এছাড়া বলেছেন আমার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক, তার স্ত্রী আমাকে খুব স্নেহ করেন, আমার মায়ের সঙ্গে রাজনৈতিকভাবে তার সম্পর্ক খুব ভালো, আমার স্বামী তার কাছে কুমিরের ব্যবসার জন্য সাহায্য চেয়েছে। এই সবকটি তথ্যই মিথ্যা। তার সঙ্গে আমার কখনোই ওই কটা গান করা বাদে কোনো সম্পর্ক ছিল না। ফলে অন্য কথাগুলোর কোনো ভিত্তিই নেই। আসলে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি একটা গল্প বানিয়ে সবাইকে বলেছেন, যাতে সবাই সেটা সহজে বিশ্বাস করে। আমি চাই বিষয়টির সুরাহা আইনিভাবেই হোক। এভাবে যেন কোনো শিল্পীকে মানুষের কাছে অযথাই ছোট হতে না হয় সেটা কামনা করি।’

এ বিষয়ে আসিফ আকবর দেশ রূপান্তরকে বলেন, ‘প্রায় বছর তিনেক আগে আমি একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে উপস্থাপকের প্রশ্নে কিছু উত্তর দিয়েছি। এখন এর জন্য কিন্তু আমি পুরোপুরি দায়ী নই, তাকে নিয়ে এ ধরনের প্রশ্ন না করলে হয়তো আমি উত্তরও দিতাম না। আর এত বছর পরে এসে কেন সেই পুরনো প্রসঙ্গ টেনে তিনি মামলা করলেন সেটা বোঝা গেল না। যাই হোক, আমি নির্ধারিত দিনে আদালতে হাজিরা দিবো। যেহেতু আইনি বিষয়, তাই আইনিভাবেই বিষয়টার সুরাহা হোক।’