যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেলের বাড়িতে নাশকতার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সিনেটে নাগরিকদের জন্য প্রণোদনার অর্থ ৬০০ ডলার থেকে ২ হাজার ডলার বৃদ্ধির প্রস্তাব বাতিল হয়ে যাওয়ার পরদিন শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।
ম্যাককনেলের বাড়ির সামনের দরজায় দুর্বৃত্তরা স্প্রে পেইন্ট দিয়ে ‘হয়ার’স মাই মানি’ লিখে দিয়েছে, বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘আমার টাকা কোথায়’। কেনটাকির লুইসভিল শহরে ম্যাককনেলের বাড়িতে ঘটা এ ঘটনাকে ‘চরমপন্থি ক্রোধ’ বলে বর্ণনা করেছেন তিনি।
এক বিবৃতিতে ম্যাককনেল বলেন, ‘আমাদের সমাজে ধ্বংসযজ্ঞ ও ভয়ের রাজনীতির কোনো স্থান নেই। আমি ও আমার স্ত্রী কখনো এরকম বিষাক্ত আচরণের সম্মুখীন হইনি। আমরা আশা করি আমাদের প্রতিবেশীরা যেন এ চরমপন্থি ক্রোধের দ্বারা বেশি অসুবিধায় না পড়েন।’
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় শনিবার সকালে স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতেও নাশকতা চালানো হয়েছে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা পেলোসির বাড়ির গ্যারেজের দরজায় স্প্রে পেইন্টিং দিয়ে শব্দ লিখে দিয়েছে এবং গ্যারেজের সামনে একটি শূকরের কাটা মাথা রেখে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।