রাজধানীতে নিজ বাসা থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর লালবাগ থানার নিউ পল্টন এলাকার একটি বাসা থেকে জুলহাস মুন্সি (৭০) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। জুলহাস শরিয়তপুরের জাজিরা উপজেলায় মুন্সিকান্দি গ্রামের বাসিন্দা। তিনি নিউ পল্টন খালেক লেনের ৪৯/২ নম্বর বাড়ির নিচ তলাতে থাকতেন।

লালবাগ থানার এসআই মো. আল ফয়সাল জানান, সকালে ওই বাসার নিচতলার দরজা ভেঙে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জুলহাসের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় একাই থাকতেন। জুলহাস কিছু করতেন না। তার স্ত্রী জাহানারা বেগম ৬ মাস আগে মারা গেছেন। তাদের কোনো সন্তানও নেই। ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও কী কারণে তিনি আত্মহত্যা করেছেন জানার চেষ্টা চলছে।

মৃতের ভাগিনা মো. জাহাঙ্গীর বলেন, ছয় মাস আগে মামি মারা গেছেন। তাদের কোনো সন্তান নেই। মামির মৃত্যুর পর মামার ভাতিজিরা বাড়িটির মালিকানার জন্য তার বিরুদ্ধে মামলা করে। এই মামলা ও সন্তানাদি না থাকায় মামা হতাশা থেকে রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটাতে পারেন বলে আমাদের ধারণা।

তিনি আরও বলেন, সকালে কাজের বুয়া পানির মোটরের সুইচ চালু করতে মামাকে রুম খুলতে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের ভাড়াটিয়াদের ডাকলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে।