সুনামগঞ্জের তাহিরপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে ওষুধ কোম্পানির এক কর্মচারীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বত্তরা। হাসিবুল হাসান শান্ত (২৫) নামে ওই তরুণ টাঙ্গাইলের ঘাটাইলের পুয়াগুলা গ্রামের বাসিন্দা। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, হাসিবুল ইসলাম একটি ওষুধ কোম্পানিতে উপজেলার দায়িত্ব নিয়ে কর্মরত। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত জলিল মিয়ার ভাতিজা। সেই সুবাদে তিনি তার চাচার সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে রাত্রি যাপন করেন। শনিবার রাতে ডায়াগনস্টিক সেন্টার পরীক্ষা করার জন্য কয়েকজন লোক দরজায় কড়া নাড়লে ভেতরে থাকা একা হাসিবুল দরজা খুলে দিলে চার থেকে পাঁচজন ভেতরে প্রবেশ কোনো কিছু বোঝার পূর্বেই তার বুকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকাতে।