ফেনীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহআলম খোন্দকার প্রকাশ সাহাব উদ্দিন (৪৫) নামে ফরহাদ নগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার রাতে নির্যাতিতা গৃহবধূ নিজেই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ইউপি সদস্য সাহাব উদ্দিন সম্পর্কে তার চাচা শ্বশুর। দীর্ঘদিন ধরে তিনি তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। পরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মারধর করে এবং শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি ঢাকায় থাকার সুযোগে পরিকল্পিতভাবে সাহাব উদ্দিন এ কাজ করেছেন।
পরে স্থানীয়রা চলে আসায় আসামি সাহাব উদ্দিন মেম্বার পালিয়ে যান এবং হুমকি দেন, এ বিষয়ে থানায় কোনো ধরনের মামলা মোকদ্দমা করলে ফের ধর্ষণ করবে এবং মেরে মরদেহ গুম করার হুমকি দেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওমর হায়দার বলেন, এ বিষয়ে নির্যাতিতা গৃহহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ব্যাপারে পুলিশ তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেবে।
এ বিষয়ে অভিযুক্ত সাহাব উদ্দিন মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আমি ষড়যন্ত্রের স্বীকার। সামনে আমার ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।