নৌকার বিরুদ্ধে ‘বিদ্রোহী প্রার্থী’ হওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার পক্ষে কাজ করায় তার বড় ভাই বর্তমান বেলকুচি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সাজেদুলসহ ৭ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গত শনিবার রাতে এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়। পরদিন রবিবার রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান এ বিষয়টি নিশ্চিত করে দলের পক্ষে ঘোষণা দেন।
বহিষ্কৃত অন্যরা হলেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজল হক খান ঘোষন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হযরত আলী, বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামানিক, সহ-সভাপতি বদর উদ্দিন মন্ডল ও বেলকুচি উপজেলা
কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব।