মাদারীপুরে চিফ হুইপ

মৌলবাদ রোধে সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলা বাড়াতে হবে

মৌলবাদরোধে বিনোদন, সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলার আয়োজন বাড়াতে হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। গতকাল সোমবার সকালে পদ্মা সেতুভিত্তিক পর্যটনের জন্য মাদরীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে চারটি ভ্রমণতরীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় লাল-সবুজ রঙের সুদৃশ্য ভ্রমণতরীগুলো উদ্বোধনের পর এগুলোতে চড়ে চিফ হুইপসহ নেতা ও কর্মকর্তারা পদ্মা নদী ঘোরেন। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি।

নূর-ই-আলম চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে পদ্মা সেতুকে ঘিরে পর্যটন খাতে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। শিগগিরই আপনারা সুখবরগুলো পাবেন।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।