ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ইসাহাক আলী (৭৫) নিহত হয়েছেন । মঙ্গলবার দুপুরে রানীশংকৈল-হরিপুর সড়কের বলিদ্বারা নামকস্থানে ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ইসাহাক আলীর বাড়ি উপজেলার বলিদ্বারা গ্রামে। তিনি নন্দুয়ার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
রানীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ জানান, দুপুরে ইসাহাক আলী মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে উপজেলা শহরে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।