পাবনায় স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

শ্রদ্ধা আর ভালোবাসায় দেশবরেণ্য প্রয়াত শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পাবনা শহরের বৈকন্ঠপুরস্থ বাড়িতে বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের কারণে এ বছর পারিবারিকভাবে স্বল্প পরিসরে এই আয়োজন ছিল বলে পরিবারের সদস্যরা জানান।

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে স্মরণসভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ।

সভায় আরও বক্তব্য দেন, স্যামসন এইচ চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাংবাদিক রবিউল ইসলাম রবি, আব্দুল মতীন খান, সিনিয়র সহ সভাপতি মির্জা আজাদ, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ।

অঞ্জন চৌধুরী স্মরণসভায় তার বক্তব্যে বলেন, আমার বাবা শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতার কথা মুখে বলতেন না। তিনি ছিলেন পরিপূর্ণভাবে একজন ডিসিপ্লিন মানুষ। একজন সফল, সুখী এবং পরিপূর্ণ মানুষ হিসাবে স্যামসন এইচ চৌধুরীর মৃত্যু হয়েছে। আর প্রয়াণ দিবসে সবাইকে নিয়ে আমরা তার সফলতার গল্প, সততার গল্প সহ দেশপ্রেমের কথাগুলো স্মরণ করি।

নিজের বাবা সম্পর্কে বলতে গিয়ে অঞ্জন চৌধুরী বলেন, স্যামসন এইচ চৌধুরী ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে তিনি সব সময় নতুন নতুন চিন্তা ভাবনা করতেন।