বন্ধ হওয়া ২৫টি পাটকলে বছরে এক হাজার কোটি টাকা লোকসান হতো, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘স্ট্রেংথেনিং অব জুট ফাইবার ফর কম্পোজিট অ্যাপ্লিকেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সচিব বলেন, ‘আমরা মিলগুলো বন্ধ করেছি তাতে কারও কোনো সমস্যা হয়নি। সেজন্য একটি আন্দোলনও হয়নি। কেউ এখনো পর্যন্ত রাস্তায় নামেনি। কারণ সবাই তার ন্যায্য পাওনা বুঝে পেয়েছে।’
তিনি বলেন, ‘৬৯ হাজার শ্রমিকদের মধ্যে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে ৫ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। কোনো সমস্যা হয়নি। কারণ, কোনো প্রক্রিয়ায় দুর্নীতির ‘দ’ ছিল না। সরকার ব্যবসা করবে না। এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে দিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী সেজন্য একটি ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্ব দিয়েছেন।’