ঢাবিতে হল খুলে পরীক্ষা নেওয়াসহ তিন দাবি

স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের হল খুলে পরীক্ষা গ্রহণ, করোনাকালীন পরিস্থিতিতে ফি মওকুফ করা এবং টিএসসির মূল কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো নির্মাণ প্রকল্প না করার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। জোটের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংহতি সমাবেশে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

জোটের ঢাবি শাখার সমন্বয়ক রাজীব কান্তি রায়ের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেনজোটের কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দীন প্রিন্স, ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সদস্য সুহাইল আহমেদ শুভ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ হল না খুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে অভিহিত করে বলেন, প্রতিটি হলে মনিটরিং সেল তৈরি করে সুষ্ঠুভাবে সিট বণ্টন করতে হবে। এসময় তারা টিএসসি ভেঙে ফেলে নতুন করে নির্মাণ করার নিন্দা জানান।

সমাবেশ থেকে আগামীকাল ৭ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এসময় দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।