মুক্তিযোদ্ধাসহ সড়কে প্রাণ গেল দুজনের

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসাহাক আলী (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রানীশংকৈল-হরিপুর সড়কের বলিদ্বারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার বলিদ্বারা গ্রামের বাসিন্দা ইসাহাক আলী নন্দুয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। রানীশংকৈল থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ জানান, দুপুরে ইসাহাক আলী মোটরসাইকেলযোগে উপজেলা শহরে যাচ্ছিলেন। বলিদ্বারা এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোর সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আশিব হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশিব বগুড়ার উপশহর এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে।

লক্ষ্মীপুরে দুর্ঘটনায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলীপুর টেক এলাকায় পিকআপের সঙ্গে ধাক্কা লেগে আহত মোটরসাইকেল আরোহী যুবলীগ কর্মী মো. আল আমিন রকি (২৮) মারা গেছেন। গতকাল সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রকি উপজেলার আলীপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত আবু ইউছুফ মিস্ত্রির ছেলে। গত সোমবার রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে রামগঞ্জে আসার পথে আলীপুর টেক এলাকায় একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে যুবলীগ কর্মী রকির।