বরিশালে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সদর রোডের অনামী লেনের বেঙ্গল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
মৃতের স্বজনরা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল।
মৃতের নাম আন্নি আক্তার (২২)। তিনি নগরীর কাঠপট্টি এলাকার বাসিন্দা বরিশাল সিটি করপোরেশনের অস্থায়ী কর্মচারী সামিউল ইসলাম সীমান্তের স্ত্রী।
মৃতের স্বজনরা জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় আন্নিকে প্রসবজনিত সিজারিয়ান অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. আফিয়া সুলতানার তত্ত্বাবধানে অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
রোগী অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় চিকিৎসকেরা আন্নির স্বজনদের জানান তার জরায়ুতে টিউমার রয়েছে, দ্রুত সেটি অপারেশন করা প্রয়োজন। রোগীর শারীরিক অবস্থা ভালো থাকার শর্তে টিউমার অপারেশনের অনুমতি দেন স্বজনরা। তার শরীরের অবস্থা ভালো জানিয়ে টিউমার অপারেশনের কথা বলেন চিকিৎসকেরা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকেরা তাদের জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন। দ্রুত তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। শেবাচিম হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক স্বজনদের জানান, অনেক আগেই আন্নির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা আন্নির লাশ ফের বেঙ্গল হাসপাতালে নিয়ে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে হাসপাতালের চিকিৎসকসহ দায়িত্বরতরা পালিয়ে যায়। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মো. রাসেল জানান, একটি ক্লিনিকে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।