মাসুদ পথিকের নতুন ছবি ইংরেজিতে

আজকাল ইংরেজি ভাষায়ও তৈরি হচ্ছে বাংলাদেশি ছবি। সে ধারায় নাম লেখালেন জাতীয় পুরস্কার-জয়ী মাসুদ পথিক। তার নতুন ছবির নাম ‘স্ট্রিট ফিলোসফার’।

এর মধ্যে সিনেমাটির গল্প ও চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। অভিনেতাও ঠিক হয়ে গেছে। প্রকাশ করেছেন ছবির প্রথম লুক।

‘স্ট্রিট ফিলোসফার’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন আব্রাহাম তানিম।

নতুন ছবি নিয়ে মাসুদ পথিক বলেন, ‍“বহির্বিশ্বের দর্শকদের কাছে বাংলাদেশের দর্শন পৌঁছে দেওয়ার জন্যই এবার ছবি নির্মাণ করছি। অনেকে বাঙালির আবেগ, সংস্কৃতি ঠিকভাবে জানেন না। ছবিটি দেখলে বাঙালির প্রতি আবেগ ও ভালোবাসা তৈরি হবে তাদের।”

এর আগে মাসুদ পথিক নির্মাণ করেন আলোচিত দুই ছবি। প্রথম ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছয়টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। মাসুদ পথিকও পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালকের খেতাব। দ্বিতীয় ছবি ‘মায়া দ্য লস্ট মাদার’ও পেয়েছে আটটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।