‘আহমদ শরীফ অধ্যাপক চেয়ার’ পদে আবুল কাসেম ফজলুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ‘আহমদ শরীফ অধ্যাপক চেয়ার’ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

ঢাবির বাংলা বিভাগের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছেন।

এ দিকে সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ করে ফজলুল হককে ‘অভিনন্দন’ জানান তার পুত্রবধূ রাজিয়া রহমান জলি।

তিনি ফেইসবুকে লেখেন, ‍“অভিনন্দন বাবা। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘আহমদ শরীফ চেয়ার অধ্যাপক’ নিয়োগ পেয়েছেন। তাঁর জন্য আমরা গর্বিত।”

২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ‌‘আহমদ শরীফ অধ্যাপক চেয়ার’। প্রথমবার নিয়োগ পান বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন।

আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশক শিক্ষকতা করেছেন। বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেন। লেখক, গবেষক, অনুবাদক, সমাজ বিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ হিসেবেও তিনি খ্যাতিমান।

১৯৮২ সাল থেকে তিনি মননশীল পত্রিকা ‘‌লোকায়ত’ সম্পাদনা করছেন। বিশটির বেশি বই প্রকাশ হয়েছে ফজলুল হকের। তিনি নজরুল রচনাবলীর সম্পাদনা পরিষদের সদস্য ছিলেন। ২০০০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত স্বদেশ চিন্তা সংঘের সভাপতির দায়িত্ব পালন করেন।

আবুল কাসেম ফজলুল হকের লেখা বইয়ের মধ্যে রয়েছে কালের যাত্রার ধ্বনি, একুশে ফেব্রয়ারি আন্দোলন, উনিশশতকের মধ্যশ্রেণি ও বাঙলা সাহিত্য, যুগসংক্রান্তি ও নীতিজিজ্ঞাসা, মাও সেতুঙের জ্ঞানতত্ত্ব, রাজনীতি ও দর্শন, বাঙলাদেশের প্রবন্ধ সাহিত্য, সাহিত্যচিন্তা, বাঙলাদেশের রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা, সাহিত্য ও সংস্কৃতি প্রসঙ্গে, সংস্কৃতির সহজ কথা, মানুষের স্বরূপ এবং রাষ্ট্রচিন্তায় বাংলাদেশ।