বাস পোড়ানো মামলা: ১৭৮ বিএনপি নেতা-কর্মীর আগাম জামিন

বাস পোড়ানো মামলায় ১৭৮ বিএনপি নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন।

বুধবার এ বিষয়ে করা ৩৬ আবেদনের শুনানি করে বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ জামিনের  এ আদেশ দেয়।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ জামিনের মেয়াদ থাকবে। এ সময় আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পন করতে হবে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। সঙ্গে ছিলেন গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাসেম।

প্রসঙ্গত, সাহারা খাতুনের মৃত্যুর পর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় ১২ নভেম্বর। ভোট চলার সময় মতিঝিল ও পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ১১ বাসে আগুন দেয়া হয়েছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে বিএনপি নেতা-কর্মীদের আসামি করে একাধিক মামলা করে পুলিশ।