২ কিলোমিটার এলাকার মধ্যে স্কুল না থাকলে নির্মাণের সুপারিশ

কোনো এলাকায় দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকলে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে তা নির্মাণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

বুধবার কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

গত ডিসেম্বরে কমিটির বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাড়ে ছয় কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছিল।

এদিনের বৈঠকে মন্ত্রণালয় জানায়, নাচোলের বাসুগ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এর সবচেয়ে কাছের স্কুল আছে সাড়ে ছয় কিলোমিটার দূরে। বাকি তিনটি স্কুলই সাত কিলোমিটার দূরে।

বৈঠকে বাসুগ্রামকে অগ্রাধিকার ভিত্তিতে ‘এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের’ আওতায় অন্তর্ভুক্ত করতে বলা হয়। একইসঙ্গে যেখানে সর্বনিম্ন দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানেও অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যালয় নির্মাণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সদস্য প্রাথমিক ও গণশিক্ষা  প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, আলী আজম মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম বৈঠকে অংশ নেন।