ভারতের মহারাষ্ট্রের নান্দেদভিত্তিক কিউটিস বায়োটেক নামের একটি প্রতিষ্ঠান গত সোমবার সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে ‘কোভিশিল্ড’ ট্রেডমার্ক ব্যবহারের অভিযোগে মামলা করেছে। কোম্পানিটির দাবি, ২০২০ সাল থেকে তাদের উৎপাদিত অ্যান্টিসেপটিক, স্যানিটাইজার, জীবাণুনাশক, স্প্রে এবং ফল ও সবজি পরিষ্কার করার তরল পদার্থের জন্য কোভিশিল্ড ট্রেডমার্ক ব্যবহার করে আসছে। যা এখন অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে উৎপাদনকারী সেরাম কোভিশিল্ড নামে নিবন্ধন নিয়েছে।
গত মঙ্গলবার পুনের একটি আদালত সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিরুদ্ধে নোটিস জারি করেছে। সেরামকে কোভিশিল্ড ট্রেডমার্ক ব্যবহার না করতে কিউটিসের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নোটিস জারি করে।
মামলার বিবরণ অনুসারে, ২০২০ সালের ২৯ এপ্রিল কোভিশিল্ড ট্রেডমার্কের নিবন্ধনের জন্য কিউটিস বায়োটেক আবেদন করেছে। যে আবেদনের এখনো নিষ্পত্তি হয়নি। ৩০ মে ২০২০ থেকে এ ট্রেডমার্ক তাদের পণ্যে ব্যবহার করা হচ্ছে। এতে সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে করোনা ভ্যাকসিনে কোভিশিল্ড নাম ব্যবহার না করতে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে। আদালত সেরামের বিরুদ্ধে যে নোটিস জারি করেছে তাতে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।