ভোটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ইসি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করলে আগারগাঁও পরিবেশ অধিদপ্তরের সামনে বাধা দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম জোটের কর্মীরা। গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এ ঘটনা ঘটে। পরে সেখানেই কর্মসূচি পালন করেন তারা।
বামজোটের ইসি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে আগারগাঁও থানার ওসি জানে আলম মুন্সি দেশ রূপান্তরকে বলেন, ডিএমপির অনুমতি না থাকায় নির্বাচন কমিশন কার্যালয় পর্যন্ত মিছিল যেতে দেওয়া হয়নি।
সমাবেশে জোটের নেতারা বলেন, নির্বাচন কমিশন নৈতিকভাবে স্খলিত। কমিশন অবাধ নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা ক্ষমতাসীনদের হয়ে ভোট ডাকাতির নির্বাচন আয়োজন করেছে। এই নির্বাচন কমিশনের আর কোনো নির্বাচন পরিচালনার বৈধ নৈতিক কর্র্তৃত্ব অবশিষ্ট নেই।