পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অন্তর্বর্তী সময়ের জন্য উপাচার্যের দায়িত্ব পেলেন জ্যেষ্ঠতম ডিন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
বুধবার (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. কামরুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশপত্রের ফ্যাক্স বার্তাটি বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসে আসে। দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত কৃষি অনুষদের ডিন ও (অতিরিক্ত দায়িত্বে) রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন।
তিনি আরও জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদের মেয়াদ গত ৪ জানুয়ারি পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভিসির শূন্য পদে নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।