রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুস সালামকে রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপরেজিস্ট্রার মো. আলমগীর হোসেন সরকারকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুটি পৃথক অফিস আদেশের মাধ্যমে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।
এর আগে গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীকে অব্যাহতি দিতে উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়। তবে ৩০ ডিসেম্বর অধ্যাপক এম এ বারী নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেন। এরপর এক সপ্তাহ রেজিস্ট্রারের পদটি শূন্য ছিল।
বিশ্ববিদ্যালয়ের অফিসার ইউনিটের উপরেজিস্ট্রার মো. ইউসুফ আলী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবদুস সালামকে সিন্ডিকেট সভায় রিপোর্ট সাপেক্ষে সবেতনে রেজিস্ট্রার পদে স্থানান্তর করা হয়েছে।
অধ্যাপক আবদুস সালাম বৃহস্পতিবার রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আবদুস সালাম গত বছরের ২ ফেব্রম্নয়ারি থেকে চুক্তি ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, অপর এক অফিস আদেশে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপরেজিস্ট্রার মো. আলমগীর হোসেন সরকারকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও নতুন দায়িত্বে যোগ দিয়েছেন।