গত বছরের নভেম্বর এবং ডিসেম্বরে বাংলাদেশ-ভারতের তুলনায় পাকিস্তানের রপ্তানি প্রবৃদ্ধি বেশি হয়েছে দাবি করে নিজ দেশের বাণিজ্য মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছেন ইমরান খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার টুইটে লিখেছেন, ‘আমি আঞ্চলিক রপ্তানির পরিসংখ্যান পেয়েছি। তাতে দেখা যাচ্ছে আমাদের তুলনায় নভেম্বর/ডিসেম্বরে ভারত এবং বাংলাদেশের রপ্তানি নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে।’
‘আমি আরেকবার রপ্তানিকারক এবং বাণিজ্য মন্ত্রণালয়কে এই অর্জনের জন্য অভিনন্দন জানাতে চাই।’
ইমরান মনে করেন, তার নেতৃত্বে পাকিস্তান সঠিক পথে আছে।
ইমরান খান কাদের পরিসংখ্যানের তথ্য উল্লেখ করে এই মন্তব্য করেছেন, সেটি তার স্ট্যাটাসে পরিষ্কার করা হয়নি। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক জরিপকারী সংস্থার হিসাবে বিভিন্ন সময়ে বলা হয়েছে, বাংলাদেশের অগ্রগতি পাকিস্তানের চেয়ে অনেক বেশি। বাংলাদেশের এমন উন্নতি নিয়ে পাকিস্তানের বুদ্ধিজীবীদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।
গত সেপ্টেম্বরে মনসুর আহমদ নামের একজন পাকিস্তানি অর্থনীতিবিদ দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য নিউজে লেখা কলমে বলেন, ‘দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য এবং নারীর জীবনমানের উন্নতিসহ প্রায় সবক্ষেত্রে বাংলাদেশের চেয়ে আমরা পিছিয়ে আছি।’
‘অ্যা স্টোরি অব নেগলেট’ শিরোনামের ওই কলামে মনসুর আহমদ লেখেন, ‘অর্থনৈতিক উন্নতির জন্য সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এক্ষেত্রে উদাহরণ। দুই দশক আগেও যাদের তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই দেশটি এখন দারিদ্র্য হ্রাস করছে।’
‘বাংলাদেশের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি এবং দেশটির অর্থনীতি ভারতের পর সবচেয়ে দ্রুত বর্ধমান।’
‘অন্যদিকে গত দুই বছর ধরে আমাদের (পাকিস্তানের) মাথাপিছু আয় কমছে। এমনকি আফগানিস্তানের চেয়েও আমাদের কম।’