আদমজী ইপিজেডে শ্রমিক অসন্তোষ, পুলিশের লাঠিচার্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের কুংতন অ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) কারখানার শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় কমপক্ষে ১০ শ্রমিক আহত হন।

শ্রমিকরা জানান, বেপজার লে-অফ অনুযায়ী কারখানা ১ মাস ১৫ দিন বন্ধ থাকবে। কিন্তু বেপজা কর্তৃপক্ষকে ম্যানেজ করে কুংতন কারখানা ৪ মাস ৭ দিন ধরে বন্ধ। আজ (বৃহস্পতিবার) তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা দেয়নি। কবে দেবে জানতে চাইলেও কিছু বলেনি। এজন্য প্রথমে ইপিজেডের ভেতরে কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন কারখানার সাড়ে ৬ হাজার শ্রমিক। দুপুর ১২টার দিকে বেপজার পুলিশ শ্রমিকদের এলোপাতাড়িভাবে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের ওপর অহেতুক লাঠিচার্জ করায় তারা উত্তেজিত হয়ে দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাং রোড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

শিল্পপুলিশ-৪-এর এসপি সাখাওয়াত হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারি ১২ জানুয়ারি বেতন দেওয়ার কথা। কিন্তু শ্রমিকরা তা না জেনেই আন্দোলনে নামেন। পরে বিষয়টি অবগত করলে তারা শান্ত হন। এ বিষয়ে মালিকপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।