সিডনিতে স্বস্তির দিন অস্ট্রেলিয়ার

অভিষিক্ত উইল পুকোভস্কি ও মারনাস লাবুশেনের হাফসেঞ্চুরিতে সিডনি টেস্টে আশাব্যঞ্জক শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের ৫৫ ওভারের খেলায় ২ উইকেটে ১৬৬ রান তুলেছে তারা। এতে সিরিজে প্রথমবার ২০০ ছাড়ানোর স্কোরের সম্ভাবনা দেখছে স্বাগতিকরা। ব্যাটিং সমস্যায় ডুবে থাকা দলটির জন্য যা নিশ্চিত স্বস্তির।

ইনজুরি কাটিয়ে ফেরা ডেভিড ওয়ার্নার করেছেন মাত্র ৫। তার সঙ্গে ওপেন করতে নামা উইল পুকোভস্কি অভিষেকেই ফিফটি করে ফিরেছেন। সিরিজে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান লাবুশেন ৬৭ রানে অপরাজিত ছিলেন দিন শেষে। তার সঙ্গে সিরিজে প্রথমবার দুই অঙ্কের রান তোলা স্টিভ স্মিথ ছিলেন ৩১ রানে অপরাজিত।

দিনের শুরুটা সিডনি টেস্ট ও অস্ট্রেলিয়া কারও জন্যই ভালো ছিল না। ম্যাচ শুরুর মাত্র ৩৫ মিনিটের মাথায় বৃষ্টি শুরু। এর মধ্যেই মুখোমুখি হওয়া ৮ম বল ড্রাইভ করতে গিয়ে সিøপে তুলে দেন ওয়ার্নার। মেলবোর্নে অভিষিক্ত সিরাজ মাতেন ষষ্ঠ উইকেটের আনন্দে। অস্ট্রেলিয়ার স্কোর তখন মাত্র ৬। বৃষ্টি থামলে বিকেল ৩টার দিকে খেলা আবার শুরু হয়। পুকোভস্কি ১৪ ও লাবুশেন ২ রানে খেলা শুরু করেন। দুই ব্যাটসম্যানকেই দ্রুত সাজঘরে ফেরানোর সুযোগ ছিল ভারতের। কিন্তু বারবার ক্যাচ মিসে দুজনকেই উইকেটে থিতু হওয়ার সুযোগ দেয় অতিথিরা। তিনবার সুযোগ দিয়েছেন পুকোভস্কি, এর মধ্যে দুবারই তার ক্যাচ মিস করেন ঋষভ পান্ত। ২৬ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে একবার। আরেকবার ৩২ রানে সিরাজের বলে। আর একবার রানআউট থেকে বেঁচে যান এই ওপেনার। তবে নড়বড়ে অবস্থা কাটিয়ে ঠিকই হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষেকেই। শেষ পর্যন্ত তাকে থামিয়েছেন অভিষিক্ত পেসার নভদীপ সাইনি। লাবুশেনের সঙ্গে তার ঠিক ১০০ রানের জুটি থামে এলবিডব্লিউয়ে। 

স্বাগতিকদের জন্য সিডনির প্রথম দিন সবচেয়ে স্বস্তির খবর স্মিথের রানে ফেরা। আগের ২ টেস্টের ৪ ইনিংসে ১, ১*, ০ ও ৮ রান করা সদ্য সাবেক নাম্বার ওয়ান টেস্ট ব্যাটসম্যান ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। স্বচ্ছন্দে খেলে ৫ বাউন্ডারি তুলে নিয়েছেন। লাবুশেনের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে করেছেন ৬০ রান। দিন শেষে তিনিই এলেন সংবাদ সম্মেলনে। বললেন, ‘খুবই ভালো লাগছে ক্রিজে সময় ব্যয় করতে পেরে। আগের ইনিংসগুলোয় তা হচ্ছিল না। মারনাসের সঙ্গেও ভালো জুটি গড়ে উঠেছে। আশা করি কালও (আজ) দুজনে বেশ কিছু রান তুলতে পারব।’ সিরিজে তিনবার আউট হওয়া স্মিথ দুবারই নিজের উইকেট দিয়েছেন অশ্বিনকে। দুজনের এ ছোট্ট যুদ্ধে এবার এগিয়ে থাকা স্মিথ বলেন, ‘আমি চেয়েছিলাম এবার শুরুতেই অশ্বিনকে একটু চাপে ফেলতে। উইকেটে ভালো মুভমেন্ট তৈরি করতে পারছিলাম আজ। রান পাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে দুটি চার আমাকে চাপহীন খেলতে সাহায্য করেছে।’

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৬৬/২ (লাবুশেন ৬৭*, পুকোভস্কি ৬২, স্মিথ ৩১*; সিরাজ ১/৪৬, সাইনি ১/৩২)।