সরকারি ও বেসরকারি গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ৮ হাজার ৫৫৬ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে বেসরকারি খাতে বকেয়া ৬ হাজার ৯৬২ কোটি ৭৪ লাখ টাকা। আর সরকারি বিভিন্ন দপ্তরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ৭৪৬ কোটি ৮৬ লাখ টাকা। এ ছাড়া আধা সরকারি খাতে ১৯৭ কোটি ১১ লাখ এবং স্থানীয় সরকার খাতে ৬৪৯ কোটি ৯২ লাখ টাকা পাওনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করা এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, বকেয়া বিল আদায়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলেছে কমিটি। বিদ্যুৎ বিভাগের সচিবকে বলা হয়েছে সচিব কমিটির বৈঠকে সংশ্লিষ্ট সচিবদের কাছে বিষয়টি তুলে ধরতে। তিনি আরও বলেন, প্রিপেইড মিটারে বিদ্যুতের অপচয় ও চুরি দুটোই কম হয়। বিল বকেয়া রাখারও সুযোগ নেই। এজন্য কমিটি দ্রুত সবখানে এই মিটার স্থাপন করতে বলেছে।