করোনার সতর্কবার্তা থেকে অমিতাভের কণ্ঠ সরাতে আদালতে যুবক

করোনা পরিস্থিতিতে কাউকে ফোন করলেই শোনা যায় অমিতাভ বচ্চনের ভরাট কণ্ঠ। তিনি পরামর্শ দিচ্ছেন কভিড-১৯ থেকে কীভাবে সতর্ক থাকা যায়। আর এতেই আপত্তি রাকেশ নামে এক যুবকের।

ভারতীয় গণমাধ্যম জানায়, অমিতাভের কণ্ঠে কভিড সতর্কবার্তা মোবাইলের কলার টিউন থেকে সরিয়ে ফেলার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন রাকেশ।

তার মতে, কলার টিউন হিসেবে করোনাভাইরাসের সতর্কবার্তায় কণ্ঠ দেওয়ার জন্য অমিতাভ বচ্চনকে পারিশ্রমিক দিচ্ছে ভারত সরকার। কিন্তু এমন অনেক করোনা যোদ্ধা রয়েছেন যারা দেশের সেবা করে চলেছেন। দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। একাধিক করোনা যোদ্ধা নিজেদের কষ্ট করে উপার্জন করা অর্থ দিয়ে অসহায় মানুষদের উপকার করেছেন। বিখ্যাত করোনা যোদ্ধাও রয়েছেন যারা বিনামূল্যে করোনার সতর্কবার্তায় নিজেদের কণ্ঠ দিতে প্রস্তুত। তাই বিগ বি-র কণ্ঠ সরিয়ে ফেলার দাবি করেছেন রাকেশ।

সমাজসেবী হিসেবে কাজ করার ইতিহাস খুব একটা নেই অমিতাভের। তাই রাকেশের আবেদন শাহেনশাহর পরিবর্তে এমন কাউকে এই সুযোগ দেওয়া হোক, যিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করবেন।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টে রাকেশের আবেদনপত্র জমা দেন আইনজীবীরা। ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য হয়েছে। আদালত রাকেশের এই আবেদন মঞ্জুর করবে কি-না, তা সেদিনই জানা যাবে।

এ দিকে অমিতাভের বিকল্প হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ‘মির্জাপুর’ সিরিজের ‘কালিন ভাইয়া’ অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠির নাম লিখেছেন নেটিজেনরা।