রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা

রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের পর হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। কলাবাগান থানায় করা ওই মামলায় একজনকে আসামি করা হয়েছে।

নিউমার্কেট অঞ্চল পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) আবুল হাসান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে তানভীর ইফতেখার দিহানকে (১৮) একমাত্র আসামি করে মেয়েটির বাবা ধর্ষণ ও হত্যার মামলাটি করেছেন।

এ ঘটনায় আটক বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

‘ও’ লেভেলের ওই স্কুলছাত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রী ডলফিন গলির এক বান্ধবীর বাসায় গ্রুপ স্টাডি করতে গেলে নির্যাতনের পর তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

তবে যে বাসায় কিশোরীকে নির্যাতন করা হয় সেটি অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের বাসা বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, ওই কিশোরী ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে।

পুলিশ বলছে, এই ঘটনায় দিহান ছাড়া আরও তিনজনকে আটক করা হয়েছে। দিহান একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘এ’ লেভেলের ছাত্র।

দিহান পুলিশের কাছে দাবি করেছে, ওই স্কুলছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।