টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আর একক কর্র্তৃত্ব রইল না বাংলাদেশ আরচারি ফেডারেশনের। ভেন্যুটি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল এ সংক্রান্ত পরিষদের চিঠি হাতে পেয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
করোনাকালে লিগের খেলাগুলো ঢাকা ও এর আশপাশে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এর জন্য তারা চারটি ভেন্যু পছন্দ করেছে। যার মধ্যে ছিল টঙ্গী স্টেডিয়াম। যে ভেন্যুটি এতদিন ব্যবহার করে আসছিল আরচারি ফেডারেশন। অলিম্পিক গেমসকে সামনে রেখে এই ভেন্যুতে দীর্ঘদিন ধরে আবাসিক ক্যাম্প চলছে আরচারি জাতীয় দলের। এ ছাড়া বছরব্যাপী বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে ফেডারেশনটি। তবে এখন থেকে বাফুফের সঙ্গে সমন্বয় করে কর্মকা- চালাতে হবে তাদের। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা টঙ্গী স্টেডিয়াম পেয়েছি। চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।’ ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল বাফুফে ভবন পরিদর্শনের পরের দিনই এই সুসংবাদ পেল বাফুফে। আজ পেশাদার লিগ কমিটির সভায় চারটি ভেন্যু চূড়ান্ত হবে।