কয়েন টসে ফলাফল নির্ধারণ!

কিছুদিন আগেই করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে গেছে। তাতে সরকার সব ধরনের নন-এলিট (অভিজাত নয়) ফুটবল স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে বিপদে পড়েছে নারী এফএ কাপ টুর্নামেন্ট। নারী পেশাদার গেম ডিরেক্টর সিমন্স বলছেন, কয়েন টসই হতে পারে জয়ী নির্ধারণের একমাত্র সমাধান।

নারী এফএ কাপের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা এখনো বাকি। তিন রাউন্ড শেষে টুর্নামেন্টটিতে যোগ দেয় পেশাদার লিগে খেলা ক্লাবগুলো। পেশাদার লিগে খেলা ক্লাবগুলো যোগ দেওয়ার আগ পর্যন্ত টুর্নামেন্টটি নন-এলিট (অভিজাত নয়) হিসেবে ধরা হয়। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড পর্যন্ত শেষ করার সমাধান কী হতে পারে এমন প্রশ্ন থেকেই এসেছে কয়েন টসে ভাগ্য নির্ধারণের ভাবনা। গেম ডিরেক্টর সিমন্স বলেন, ‘কয়েন টস করাটা ভালো বিকল্প নয়। তবে এটিই হতে পারে সবশেষ সমাধান। হয়তো শেষ পর্যন্ত এটিই হতে পারে সবশেষ উপায় এফএ কাপকে সামনে এগিয়ে নেওয়ার। এটি আসলে একটি বিকল্প ভাবনা।’ ক্রিসমাসের ছুটির পর নারী পেশাদার লিগে এরই মধ্যে দুটি খেলা স্থগিত হয়েছে করোনাভাইরাসের কারণে। পুরুষদের এফএ কাপ প্রতিযোগিতা নিয়েও দেখা দিয়েছে সংশয়।